১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার হুঁশিয়ারি বিজেপি মন্ত্রীর

25 Nov 2026, 22:00 · নিউজ ডেস্ক

বাংলাদেশের ‘নিয়ন্ত্রণ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে নিয়ন্ত্রণে নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেছেন, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিশোধ নেওয়া হবে। তবে তাঁর এমন বক্তব্যের সঙ্গে একমত নন পশ্চিমবঙ্গের অন্য মন্ত্রী ও বিজেপি নেতারা। তাঁরা বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ ও ভারতের পররাষ্ট্রনীতির আওতাভুক্ত বলে মন্তব্য করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে পারেন—বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এমন খবরের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা শুরু হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনা জেলার কাঁকিনাড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিতর্কিত মন্তব্য করেন অর্জুন সিং।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব। অনেক হয়েছে, ওদের আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, আমরা নিশ্চিতভাবেই তার প্রতিশোধ নেব; এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

এর আগে মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে শেখ হাসিনার মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়, আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তবে অর্জুন সিংয়ের বক্তব্যের বিপরীতে পশ্চিমবঙ্গের অন্য মন্ত্রী ও বিজেপি নেতারা ভিন্ন অবস্থান তুলে ধরেছেন।

রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশ একটি অভ্যন্তরীণ বিষয় হলেও দেশটির নেতাদের সংঘাতে না জড়িয়ে সাধারণ মানুষের ভবিষ্যৎ ও নতুন বিনিয়োগের দিকে মনোযোগ দেওয়া উচিত। প্রতিবেশী দেশের অস্থিতিশীলতা পশ্চিমবঙ্গেও প্রভাব ফেলতে পারে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে উত্তেজনা ও সমস্যা বাড়লে তার প্রভাব এ রাজ্যেও পড়বে। এতে স্থানীয় অর্থনীতিও চাপে পড়তে পারে। তাই বাংলাদেশে কবে শান্তি ফিরে আসবে, সেদিকেই তাঁরা তাকিয়ে রয়েছেন।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিষয়টিকে আন্তর্জাতিক ও কূটনৈতিক ইস্যু হিসেবে উল্লেখ করেছেন। তাঁর ভাষ্য, বাংলাদেশ একটি পৃথক রাষ্ট্র। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বক্তব্য দেবে। শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের কোনো ভূমিকা নেই বলেও জানান তিনি।

একই অবস্থান জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, এটি সম্পূর্ণভাবে ভারতের পররাষ্ট্রনীতির বিষয়। এ নিয়ে বক্তব্য দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় নেতৃত্ব ও দেশের পররাষ্ট্রমন্ত্রীর।