৩০টির বেশি অভিযোগে অভিযুক্ত সাঈদ খোকন

17 Nov 2026, 13:41 · নিউজ ডেস্ক



ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বারিধারা ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর প্রথমে গুলশান থানা পুলিশের হেফাজতে রাখা হলেও পরে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. আখতার হোসেন জানান, সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলাও রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তখনো সিদ্ধান্ত হয়নি। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগেও তদন্তের মুখে রয়েছেন সাবেক এই মেয়র। ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তার বোন শাহানা হানিফ ও এক কর্মচারীকেও আসামি করা হয়েছে।
এর আগে আদালতের নির্দেশে সাঈদ খোকন ও পরিবারের সদস্যদের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে ৯৪ কোটি ২০ লাখ টাকাসহ পরিবারের বিরুদ্ধে মোট ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ রয়েছে।