
কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের ব্যানারে সকাল ১১টার দিকে শহরের পাঁচ রাস্তার মোড় থেকে মিছিলটি শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন অংশগ্রহণকারীরা। এ সময় আমির হামজার বিরুদ্ধে নানা স্লোগান দেন তাঁরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন ওয়াজ মাহফিল ও অনুষ্ঠানে নারীদের নিয়ে আমির হামজার দেওয়া বক্তব্য ও মন্তব্য অসম্মানজনক। একজন জনপ্রতিনিধির কাছ থেকে নারীদের প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। তাঁদের মতে, এ ধরনের মন্তব্য নারীর মর্যাদা ক্ষুণ্ন করে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বক্তারা আরও বলেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাঁদের সম্মান ও অধিকার রক্ষা করা সবার দায়িত্ব। তাই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সংসদ সদস্যকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান তাঁরা।
সমাবেশ থেকে আমির হামজার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক কুমকুম রহমান ও সদস্য সচিব লতিফা আক্তার রোজীসহ অন্য নারী নেত্রীরা। এ বিষয়ে বক্তব্য জানতে আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।