অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হারানোয় বছরে প্রাণ যাচ্ছে সোয়া লাখ মানুষের

23 Nov 2026, 19:17 · ইউএনবি — (বার্তা সংস্থা)

সাধারণ সংক্রমণ থেকে শুরু করে জটিল রোগের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক গুরুত্বপূর্ণ ওষুধ। অথচ এর অনিয়ন্ত্রিত ব্যবহার ও কার্যকারিতা হারানোর কারণে বাংলাদেশে প্রতিবছর প্রাণ হারাচ্ছেন বিপুলসংখ্যক মানুষ। দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে বছরে প্রায় সোয়া এক লাখ মানুষের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ উদ্বেগজনক তথ্য তুলে ধরেন। প্রতিমন্ত্রী জানান, এ সমস্যার কারণে মৃত্যুর পাশাপাশি আরও অনেক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হচ্ছে। এতে চিকিৎসার ব্যয়ও বাড়ছে।

তিনি বলেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মোকাবিলায় কেবল সচেতনতা যথেষ্ট নয়; চিকিৎসক ও রোগী উভয়ের আচরণে পরিবর্তন আনতে হবে। ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং তার কঠোর বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন তিনি।

সংকট মোকাবিলায় সরকার ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। এর আওতায় ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড ও প্রেসক্রিপশন ব্যবস্থা চালু হলে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নজরদারির আওতায় আনা সম্ভব হবে। পাশাপাশি সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকে সমন্বিত নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি ও নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনায় আয়োজিত কর্মশালায় স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।