চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক সহযোগিতা নিয়ে ভারতের উদ্বেগ

29 Nov 2026, 23:53 · নিউজ ডেস্ক

দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে নতুন সমীকরণের আশঙ্কা করছে ভারত। চীনের প্রযুক্তিগত সহায়তায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতা বাড়ার পাশাপাশি তুরস্কের সম্ভাব্য সহযোগিতাও দিল্লির নিরাপত্তা ভাবনায় নতুন মাত্রা যোগ করেছে। এ পরিস্থিতিতে নিজস্ব মহাকাশভিত্তিক সামরিক সক্ষমতা দ্রুত বাড়ানোর তাগিদ দিয়েছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল এন এস রাজা সুব্রামানি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে এক অনুষ্ঠানে তিনি বলেন, চীনের সহায়তায় পাকিস্তানের মহাকাশ কর্মসূচি এগিয়ে যাচ্ছে। দেশটির জাতীয় মহাকাশ সংস্থা সুপারকোও নিজস্ব সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। এ ক্ষেত্রে তুরস্কের সহায়তা পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
সুব্রামানির মতে, ‘অপারেশন সিঁদুর’-এর সময় এবং পরবর্তী সময়ে পাকিস্তান, চীন ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা ভারতের নিরাপত্তা মূল্যায়নে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চীনের গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং অবস্থান নির্ণয়সংক্রান্ত প্রযুক্তিতে পাকিস্তানের প্রবেশাধিকার তৈরি হলে দেশটির সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা বাড়তে পারে।
এ পরিস্থিতি মোকাবিলায় ভারতের মহাকাশভিত্তিক নজরদারি ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। এ লক্ষ্যে ‘স্পেস বেজড সার্ভিল্যান্স ফেজ-৩’ প্রকল্পের আওতায় আগামী তিন বছরে ৫২টি সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে।
২০২৪ সালের অক্টোবরে অনুমোদিত ২৬ হাজার ৯৬৮ কোটি রুপির এ প্রকল্পে ইসরো তৈরি করবে ২১টি স্যাটেলাইট। বাকি ৩১টি নির্মাণ করবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো।
সুব্রামানি আরও বলেন, স্যাটেলাইট অকার্যকর করার প্রযুক্তিসহ চীনের মহাকাশ ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতার সম্প্রসারণ ভারতের জন্য বিবেচ্য বিষয়। আধুনিক যুদ্ধে স্থল, জল ও আকাশপথের পাশাপাশি মহাকাশেও কৌশলগত সক্ষমতা অর্জন জরুরি।