দেশে মুক্তি পেল তুর্কি হরর মুভি ‘সয়’

14 Nov 2026, 10:58 · Rushaid

তুর্কি টিভি সিরিজের জনপ্রিয়তার পর এবার দেশটির হরর সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দর্শকরা। প্রাচীন মিসরের অভিশাপ, রহস্যময় প্রাসাদ ও অশুভ শক্তির গল্প নিয়ে নির্মিত তুর্কি সিনেমা ‘সয়’ শুক্রবার (১৩ নভেম্বর) থেকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। রাজধানীসহ দেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন স্টার সিনেপ্লেক্সে।
অতিপ্রাকৃত হরর ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন ম্যাক্সিম আলেকজান্দ্রে। এর গল্পে উঠে এসেছে পারিবারিক ইতিহাস, প্রাচীন অভিশাপ, বিশ্বাসঘাতকতা ও মনস্তাত্ত্বিক আতঙ্কের নানা দিক।
সিনেমার কাহিনি শুরু হয় প্রায় ৬০ বছর আগে মিসরের একটি প্রাচীন সমাধি লুণ্ঠনের ঘটনা দিয়ে। সেখানে মুরাত নামের এক ব্যক্তি একটি প্রাচীন চিত্রকর্ম আবিষ্কার করেন। কিন্তু সেই আবিষ্কারই তার জীবনে ডেকে আনে ভয়ংকর অভিশাপ। একপর্যায়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইস্তাম্বুলের একটি রহস্যময় প্রাসাদে বন্দিজীবন কাটাতে হয় তাকে।
বহু বছর পর মৃত্যুশয্যায় থাকা মুরাত নাতি ক্যানকে প্রাসাদে ডেকে পাঠান। প্রেমিকা বাসাক ও বন্ধুদের নিয়ে সেখানে পৌঁছায় ক্যান। কিন্তু ঘন কুয়াশায় প্রাসাদটি বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে শুরু হয় অস্বাভাবিক সব ঘটনা। ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে পরিবারের অতীতের অন্ধকার রহস্য।
অভিশপ্ত চিত্রকর্মের মাধ্যমে জেগে ওঠে অশুভ শক্তি। বন্ধুদের মধ্যে অবিশ্বাস, বিশ্বাসঘাতকতা ও অতিপ্রাকৃত আক্রমণে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। শেষ পর্যন্ত বাসাকের একটি কঠিন সিদ্ধান্তের ওপর নির্ভর করে পরিবারের ভবিষ্যৎ।
তুর্কি হরর সিনেমায় প্রচলিত জিনকেন্দ্রিক গল্পের বাইরে গিয়ে প্রাচীন মিসরের অভিশাপ ও পারিবারিক রহস্যকে গুরুত্ব দিয়েছে ‘সয়’। ফলে রহস্য ও ভৌতিক গল্পের দর্শকদের জন্য সিনেমাটি নতুন অভিজ্ঞতা হয়ে উঠতে পারে।