মাত্র ২ কোটি রুপি বাজেট। অথচ বিশ্বজুড়ে আয় ৪৫২ কোটি ৮৬ লাখ রুপি। স্বল্প বাজেটের সিনেমা হয়েও বক্স অফিসে এমন অভাবনীয় সাফল্য পেয়েছে ভারতীয় চলচ্চিত্র ‘হনুমান অংশ’। চলতি বছরের বলিউডে অন্যতম বড় চমক হয়ে ওঠা সিনেমাটির সাফল্যের নেপথ্যে পরিচালক-প্রযোজক ড. বিশাল চতুর্বেদীর পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিন নারী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, তারা হলেন অনুপ্রিয়া নাগর, রাগিনি সোনা ও নম্রতা জি সিং। তিনজনের দায়িত্ব ও কাজের ক্ষেত্র আলাদা হলেও সম্মিলিত প্রচেষ্টায় সিনেমাটি পেয়েছে ব্যাপক পরিচিতি।
মাত্র ২১ বছর বয়সী অনুপ্রিয়া সিনেমাটির সবচেয়ে কম বয়সী প্রযোজক। পোস্ট-প্রোডাকশনের সময় অর্থসংকট দেখা দিলে তিনি মোট বিনিয়োগের এক-তৃতীয়াংশ জোগান দেন। পাশাপাশি প্রচারের জন্য শতাধিক পডকাস্ট নির্মাতা ও কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে যোগাযোগ করেন।
অন্যদিকে, রাগিনি সোনা শুরু থেকেই সিনেমাটিকে একটি সম্ভাবনাময় ফ্র্যাঞ্চাইজি হিসেবে দেখেছেন। তার বিশ্বাস, নিম করোলি বাবার জীবনভিত্তিক গল্পে একাধিক পর্ব নির্মাণের সুযোগ রয়েছে।
সিনেমাটির জনসংযোগ, বিপণন, পুরস্কারসংক্রান্ত প্রচার ও কৌশলগত অংশীদারত্ব তৈরিতে নেতৃত্ব দিয়েছেন নম্রতা জি সিং। নির্বাহী পর্যায়ে প্রকল্পটির বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের পাশাপাশি পরবর্তী ব্যবসায়িক পরিকল্পনাতেও যুক্ত রয়েছেন তিনি।
তিন নারীর অর্থায়ন, প্রচার ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার সমন্বয়েই ‘হনুমান অংশ’ স্বল্প বাজেটের গণ্ডি পেরিয়ে বক্স অফিসে বড় সাফল্যের নজির গড়েছে।

দুই কোটি রুপির সিনেমায় ৪৫২ কোটি আয়
28 Nov 2026, 00:40 · নিউজ ডেস্ক
