গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

26 Nov 2026, 23:00 · নিউজ ডেস্ক

গোপালগঞ্জে বিকাশ, নগদ ও রকেটের অনেক গ্রাহক মোবাইল আর্থিক সেবার লেনদেন করতে পারছেন না। টাকা পাঠানো, গ্রহণ ও ক্যাশ আউট করতে গিয়ে সমস্যায় পড়ছেন তারা। অনেক গ্রাহকের ফোনে হিসাব সাময়িকভাবে বন্ধ রাখার বার্তা পাঠানো হচ্ছে। এতে হিসাবে টাকা থাকা সত্ত্বেও প্রয়োজনের সময় তা ব্যবহার করতে না পেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গোপালগঞ্জের ৯৭টি হিসাব বন্ধ করেছে। এ ছাড়া আরও কিছু হিসাব সাময়িকভাবে ব্লক করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। নিরাপত্তাজনিত কারণে এজেন্টদের কাছে অর্থ পাঠানোও ব্যাহত হচ্ছে। ফলে কোথাও কোথাও নগদ অর্থের সংকট তৈরি হয়েছে।
বিকাশের গ্রাহকদের পাঠানো বার্তায় বলা হচ্ছে, এমএফএস বিধিমালা অনুযায়ী তাদের হিসাব সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির করপোরেট কমিউনিকেশনস বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম জানান, নির্দিষ্ট কোনো জেলার গ্রাহকদের লক্ষ্য করে ব্যবস্থা নেওয়া হয়নি। সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে নিয়ম অনুযায়ী হিসাব সাময়িক বন্ধ করে তদন্ত করা হয়। যাচাই শেষে তা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
নগদের মুখপাত্র সজল জাহিদও কোনো নির্দিষ্ট এলাকার সেবা বন্ধের তথ্য অস্বীকার করেছেন। তিনি বলেন, বিএফআইইউর নির্দেশনায় সন্দেহজনক লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট হিসাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, সন্দেহজনক লেনদেনের পরিপ্রেক্ষিতেই গোপালগঞ্জে কিছু মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধের সিদ্ধান্ত হয়েছে। কতটি হিসাব বন্ধ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য আগামী রবিবার পাওয়া যেতে পারে।