হোয়াটসঅ্যাপে বিয়ের কার্ডের ফাঁদ, ১০ লাখ রুপি লুটে গ্রেপ্তার

28 Nov 2026, 00:43 · Mustafa Kamal — Editor & Publisher

বিয়ের আমন্ত্রণপত্র ভেবে হোয়াটসঅ্যাপে আসা একটি ফাইল ডাউনলোড করেছিলেন ভারতের গুজরাটের এক বাসিন্দা। মুহূর্তেই সেই ফাইল হয়ে ওঠে সর্বনাশের কারণ। মোবাইল ফোনের নিয়ন্ত্রণ চলে যায় প্রতারকদের হাতে। এরপর ব্যাংক হিসাব থেকে উধাও হয়ে যায় ১০ লাখ ২ হাজার রুপি। এ ঘটনায় প্রতারণার অর্থ লেনদেনে সহযোগিতার অভিযোগে দেবেন্দ্র মালিক (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) ভারতের উত্তর প্রদেশের বিজনৌর জেলা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য জানায় সুরাট সিটি পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ।
তদন্তকারীদের ভাষ্য, ‘ওয়েডিং ইনভিটেশন ডট এপিকে’ নামে একটি ক্ষতিকর ফাইলকে বিয়ের কার্ড হিসেবে পাঠিয়েছিল প্রতারক চক্র। সেটি ডাউনলোড করার পর ভুক্তভোগীর ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। পরে ব্যাংক হিসাব থেকে অর্থ সরিয়ে বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়।
পুলিশের অভিযোগ, দেবেন্দ্র নিজের ব্যাংক হিসাব প্রতারণার অর্থ গ্রহণ ও উত্তোলনে ব্যবহার করতে দিতেন। জমা হওয়া টাকা তুলে প্রায় ২০ শতাংশ কমিশন রেখে বাকি অর্থ চক্রের পলাতক সদস্যদের কাছে পৌঁছে দিতেন। ব্যাংক লেনদেন বিশ্লেষণ ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়।
এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে আসা অপরিচিত এপিকে (APK) ফাইল ডাউনলোড না করার পরামর্শ দিয়েছে পুলিশ। আর্থিক প্রতারণার শিকার হলে দ্রুত দেশটির সাইবার ক্রাইম হেল্পলাইন ১৯৩০ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।