বিদ্যুতের ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতে নিজস্ব ভবনের ছাদে সৌর প্যানেল বসিয়েছিলেন মাগুরার প্রকৌশলী মো. আখতারুজ্জামান। এখন নিজের প্রতিষ্ঠানের বিদ্যুৎ চাহিদা মেটানোর পাশাপাশি প্রতি মাসে গড়ে ৫৫০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছেন তিনি। এতে মাসে বাড়তি আয় হচ্ছে ৬ থেকে ৭ হাজার টাকা। তাঁর মতো ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সৌরবিদ্যুতের প্রতি আগ্রহ বাড়ছে দেশে।
এ আগ্রহকে আরও গতিশীল করতে কর ছাড়, শুল্ক সুবিধা, অর্থায়ন ও নীতিগত সহায়তার উদ্যোগ নিয়েছে সরকার। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে জাতীয় গ্রিডে অন-গ্রিড সৌরবিদ্যুতের সক্ষমতা ছিল ১ হাজার ২০ মেগাওয়াট। নভেম্বরের শুরুতে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৩ মেগাওয়াটে।
সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সরকার ১ হাজার ৫০০ কোটি টাকার প্রাথমিক তহবিল বরাদ্দ করেছে। আগামী গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ ২০৩০ সাল পর্যন্ত প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যোগ্য সৌর সরঞ্জাম আমদানিতে করের হার ১৭ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। গত ১৯ অক্টোবর জারি করা বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশেও ছাদ, পরিত্যক্ত জমি, জলাশয় ও কৃষিজমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের সুযোগ রাখা হয়েছে।
তবে সম্প্রসারণের পথে রয়েছে কিছু বাধাও। নেট মিটারিং সংযোগ পেতে দীর্ঘসূত্রতা এবং সাধারণ গ্রাহকদের সহজ ঋণের অভাব বিনিয়োগে প্রতিবন্ধকতা তৈরি করছে।
জ্বালানি বিশেষজ্ঞ শাহরিয়ার আহমেদ চৌধুরীর মতে, সৌরবিদ্যুতের প্রসারে স্থানীয় বাজারে কর ও ভ্যাট কমানোর পাশাপাশি দুই থেকে পাঁচ বছর মেয়াদি প্রণোদনা এবং সহজ শর্তে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে নেট মিটারিংয়ের অনুমোদন প্রক্রিয়া সহজ করতে হবে।
/রুশু

কর ছাড়-সরকারি প্রণোদনায় সৌরবিদ্যুতে নতুন সম্ভাবনা বাংলাদেশে
12 Nov 2026, 13:09 · Rushaid
