মার্কিন বিমানবাহিনীর ক্লাউড নেটওয়ার্কে সাইবার হামলা

27 Nov 2026, 23:54 · আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ সাইবার হামলার ঘটনায় সামরিক বাহিনীর বিপুল সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সামরিক কৌশল, কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত তথ্য, বেতন-ভাতা, রসদ সরবরাহ ও অস্ত্রের ব্যবস্থাপনা-সংক্রান্ত নথি রয়েছে এই প্ল্যাটফর্মে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক মাসের মধ্যে প্ল্যাটফর্মটির আধুনিকায়নের কাজ চলাকালে হামলার বিষয়টি শনাক্ত হয়। এতে বিভিন্ন কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে কারা হামলা চালিয়েছে, কতটা ক্ষতি হয়েছে কিংবা তথ্য চুরি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ানে মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেটের প্রযুক্তিসেবা যুক্ত রয়েছে। সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার তথ্য সমন্বয় এবং বিশ্বের দুই শতাধিক স্থাপনায় বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখতেও এটি ব্যবহৃত হয়।
হামলার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে মার্কিন সাইবার কমান্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তাঝুঁকির কারণে নতুন অ্যাপ্লিকেশন স্থানান্তর ও বিদ্যমান সফটওয়্যারের হালনাগাদ কার্যক্রমও স্থগিত রয়েছে। কিছু ব্যবহারকারীর প্রশাসনিক প্রবেশাধিকার বাতিল করা হয়েছে।
রয়টার্সের এক সূত্রের দাবি, সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা প্ল্যাটফর্মটির কেন্দ্রীয় নিয়ন্ত্রণব্যবস্থায় প্রবেশ করেছিল। তবে সামরিক কার্যক্রমের তথ্য তারা দেখতে পেরেছে কি না, তা অজানা।