মাতারবাড়ীকে জ্বালানি হাব করতে চায় দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ

23 Nov 2026, 18:56 · ইউএনবি — (বার্তা সংস্থা)

বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়নে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণে আগ্রহ দেখিয়েছে দক্ষিণ কোরিয়ার শিল্পগোষ্ঠী এসকে গ্রুপ। প্রতিষ্ঠানটির পরিকল্পনা, মাতারবাড়ীকে দক্ষিণ কোরিয়ার উলসানের আদলে একটি গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রে রূপ দেওয়া।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসকে গ্রুপের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়। বৈঠকে প্রস্তাবিত প্রকল্পের বিনিয়োগ পরিকল্পনা ও বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের এ আগ্রহকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিনিয়োগ আকর্ষণের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।

প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে এসকে গ্রুপের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলে ছিলেন ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং ও এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা কিউনইয়ল সং।