ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র বানাতে পারবে না: প্রধানমন্ত্রী

21 Nov 2026, 19:09 · নিউজ ডেস্ক

দেশপ্রেমিক জনগণ, জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশকে কোনো শক্তির পক্ষে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে না।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানসহ দেশের গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী ও জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষার পাশাপাশি একটি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারিতে সক্ষমতা বাড়ানো হবে। এ লক্ষ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে সরকার।
সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর ঘোষণাও দেন তিনি। পাশাপাশি যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠনের কথা জানান।
বক্তব্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্যদের অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রয়াত মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতিচারণা করে তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান তিনি।