এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনে আর বাধা থাকছে না।
সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের শুনানি শেষে বেলা সাড়ে ১১টার দিকে আদেশটি আসে।
এর আগে গত ১৮ নভেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেন। একই সঙ্গে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশের বৈধতা নিয়ে রুল জারি করেন আদালত।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা জানান, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। আগামী ২৩ ডিসেম্বর এসব আবেদনের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। তাঁদের কথা বিবেচনায় নিয়ে করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দিয়েছিলেন।

