প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং নৈতিক শিক্ষা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এর মধ্যে রয়েছে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু এবং ধর্মভিত্তিক শিক্ষক পদায়ন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মাহমুদা হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব সুপারিশ করা হয়। এতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ কমিটির সদস্য সাদিক রিয়াজ, ইলিয়াস মোল্লা, মোক্তার আলী ও মাহফুজা হান্নান উপস্থিত ছিলেন।
বৈঠকে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি প্রাথমিক স্তরে নৈতিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি বিদ্যালয়ে ধর্মভিত্তিক শিক্ষক নিয়োগ বা পদায়নের বিষয়ে মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।
সভায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যক্রম, চলমান নন-ফরমাল এডুকেশন ডেভেলপমেন্ট এবং পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৫) অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এ ছাড়া মানসম্মত প্রাথমিক শিক্ষা, যোগ্য শিক্ষক নিয়োগ, যুগোপযোগী পাঠ্যক্রম এবং শ্রেণিকক্ষে কার্যকর পাঠদানের মাধ্যমে কোচিংনির্ভরতা কমানোর পরামর্শ দেওয়া হয়। শিক্ষক নিয়োগ, বদলি, পদায়ন ও পদোন্নতি প্রক্রিয়া সহজ করার পাশাপাশি মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোর বাজেট বাস্তবায়নের অগ্রগতি প্রতি তিন মাস অন্তর কমিটিকে জানানোর সুপারিশও করা হয়।

প্রাথমিকে মিড ডে মিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের সুপারিশ
26 Nov 2026, 21:46 · রুশাইদ আহমেদ
