প্রথমবার জুটি বেঁধে পর্দায় ইমরান হাশমি ও জেনেলিয়া

28 Nov 2026, 23:31 · নিউজ ডেস্ক

বলিউডে নতুন জুটি নিয়ে দর্শকের আগ্রহের কেন্দ্রে এসেছে ‘গানমাস্টার জি নাইন’। সিনেমাটিতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন ইমরান হাশমি ও জেনেলিয়া দেশমুখ। গোয়েন্দা অভিযান, ভালোবাসা ও প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত ছবিটি আজ ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

আদিত্য দত্ত পরিচালিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র ঈশ্বর। সাধারণ মানুষের মতো জীবনযাপন করলেও তাঁর অতীত একজন গোয়েন্দা কর্মকর্তার। প্রিয় মানুষকে ভয়ংকর অপরাধী চক্র ও শক্তিশালী শত্রুদের হাত থেকে রক্ষা করতে গিয়ে আবারও বিপজ্জনক অভিযানে জড়িয়ে পড়েন তিনি। চরিত্রটিতে অভিনয় করেছেন ইমরান হাশমি। আর আরতি চরিত্রে দেখা যাবে জেনেলিয়াকে।

ক্যারিয়ারে উত্থান-পতনের অভিজ্ঞতা থাকলেও নতুন উদ্যমে কাজ চালিয়ে যাচ্ছেন ইমরান। অন্যদিকে বিয়ে ও মাতৃত্বের কারণে দীর্ঘ বিরতির পর ‘সিতারে জমিন পার’ দিয়ে অভিনয়ে নতুন করে আলোচনায় আসেন জেনেলিয়া। এরপর ‘জুনিয়র’, ‘মাস্তি-৪’ ও ‘রাজা শিবাজি’সহ একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি।

সিনেমাটিতে দেসু চরিত্রে রয়েছেন অপারশক্তি খুরানা। এ ছাড়া অভিনয় করেছেন অবনীত কৌর, অভিষেক সিং, ইনায়াত ভার্মা, তৃষা থোসার ও রেশ লাম্বা।

নতুন এই জুটির পর্দার রসায়ন এবং রহস্য-রোমাঞ্চে ভরা গল্প দর্শকের প্রত্যাশা কতটা পূরণ করে, এখন সেটিই দেখার বিষয়।