দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর জীবনে যুক্ত হলো নতুন আনন্দের অধ্যায়। পরিচালক স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে প্রথম সন্তানের মা-বাবা হয়েছেন তিনি। গত ১৯ নভেম্বর তাঁদের ঘর আলো করে জন্ম নিয়েছে পুত্রসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে দেব নিদিমোরু।
শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের প্রথম ছবি প্রকাশ করে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা দম্পতি। ছবিতে দেখা যায়, সামান্থা ও রাজ স্নেহভরে তাঁদের সন্তানের ছোট্ট আঙুল ধরে রেখেছেন। ক্যাপশনে ছেলের নাম ও জন্মতারিখ জানিয়ে নতুন অতিথির আগমনে নিজেদের আনন্দের কথাও প্রকাশ করেন অভিনেত্রী।
খবরটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীদের মধ্যে বরুণ ধাওয়ান, তামান্না ভাটিয়া ও বরলক্ষ্মী শরৎকুমার দম্পতিকে অভিনন্দন জানান। নবজাতকের জন্যও ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন তাঁরা।
ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন সামান্থা ও রাজ। ২০১৭ সালের অক্টোবরে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা। তবে চার বছরের দাম্পত্যের পর ২০২১ সালের অক্টোবরে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা।
পরবর্তী সময়ে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে কাজ করতে গিয়ে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয় সামান্থার। একপর্যায়ে সেই সম্পর্ক পরিণয়ে গড়ায়। এবার তাঁদের সংসারে নতুন সদস্যের আগমনে শুরু হলো জীবনের আরেকটি অধ্যায়।

প্রথমবার মা হলেন সামান্থা
21 Nov 2026, 19:02 · নিউজ ডেস্ক
