সংসদীয় সহযোগিতা জোরদারে পাকিস্তান সফরে স্পিকার

23 Nov 2026, 19:43 · ইউএনবি — (বার্তা সংস্থা)

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় যোগাযোগ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে পাকিস্তান সফরে গেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে সংসদীয় প্রতিনিধিদল নিয়ে তিনি ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন স্পিকার। তার সফরসঙ্গী হিসেবে প্রতিনিধিদলে রয়েছেন বিএনপির চার সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী ও নিলুফার চৌধুরী মনি। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমানও এ সফরে অংশ নিয়েছেন।

বিমানবন্দরে স্পিকার ও প্রতিনিধিদলকে বিদায় জানান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের তথ্য অনুযায়ী, এ সফরের মূল লক্ষ্য দুই দেশের সংসদীয় পর্যায়ে বিদ্যমান সহযোগিতা আরও শক্তিশালী করা। পাশাপাশি পারস্পরিক সফর ও যোগাযোগ বৃদ্ধি, বহুপক্ষীয় ফোরামে সমন্বয় এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক গভীর করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

সফরসূচি শেষে আগামী ২৯ নভেম্বর সংসদীয় প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।