বিয়ের আয়োজন প্রায় সম্পন্ন। অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতার। কিন্তু বরপক্ষের যৌতুকের দাবি শেষ পর্যন্ত বদলে দিল পুরো আয়োজনের পরিণতি। দামি মাহিন্দ্রা থার গাড়ি চেয়ে বসা বরপক্ষকে আসল গাড়ির বদলে প্লাস্টিকের খেলনা গাড়ি উপহার দিলেন কনের বাবা। একই সঙ্গে ঘোষণা করলেন বিয়ে ও বাগদান বাতিলের সিদ্ধান্ত।
ব্যতিক্রমী এ ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মিরাট জেলার ভাবনপুর থানার জ্ঞানপুর গ্রামে। শনিবার (২৮ নভেম্বর) ঘটে যাওয়া ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী, প্রায় পাঁচ মাস আগে জ্ঞানপুরের এক যুবকের সঙ্গে পরতাপুর থানার সালওয়ানা গ্রামের এক তরুণীর বিয়ে ঠিক হয়। বাগদানে বরপক্ষকে নগদ এক লাখ রুপি ও বিভিন্ন উপহার দিয়েছিল কনেপক্ষ।
তবে বিয়ের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বরপক্ষের দাবি বাড়তে থাকে। প্রায় এক মাস আগে একটি জমি বিক্রির খবর জানতে পেরে তারা যৌতুক হিসেবে মাহিন্দ্রা থার গাড়ি দাবি করে। কনের পরিবার একাধিকবার বোঝানোর চেষ্টা করলেও তাতে কাজ হয়নি।
একপর্যায়ে ‘লগ্নপত্র’ অনুষ্ঠানের জন্য বরপক্ষকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান কনের বাবা। সকাল থেকে রাত প্রায় ১০টা পর্যন্ত অপেক্ষা করানোর পর তাদের হাতে তুলে দেন খেলনা গাড়ি।
ছড়িয়ে পড়া ভিডিওতে কনের বাবাকে বলতে শোনা যায়, তাদের একজন মানুষ নয়, গাড়ির প্রয়োজন ছিল। তাই গাড়ি দেওয়া হয়েছে। এরপর দুই পক্ষের আলাদা থাকার কথা জানিয়ে তিনি বিয়ে ও বাগদান বাতিলের ঘোষণা দেন।
যৌতুকের দাবির কাছে নতি স্বীকার না করে কনের বাবার এই ব্যতিক্রমী প্রতিবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

যৌতুকে গাড়ির দাবি, খেলনা গাড়ি দিয়ে বিয়ে বাতিল
29 Nov 2026, 23:56 · Rushaid
