
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর আগের অবস্থায় আর কখনোই ফিরবে না কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। এমন মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বুধবার (১১ নভেম্বর) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অবস্থান তুলে ধরেন।গালিবাফ জানান, আট মাসের সংঘাত অবসানে তেহরানের দেওয়া সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে হরমুজ প্রণালীর তদারকি নিয়ে ইরান ও ওমান সমঝোতায় পৌঁছেছে। তাঁর দাবি, এ জলপথে আন্তর্জাতিক জলসীমার ধারণা প্রযোজ্য নয়; বরং এর ব্যবস্থাপনা দুই উপকূলীয় রাষ্ট্রের নিজস্ব আইন অনুযায়ী পরিচালিত হবে।তিনি বলেন, কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত পাঠিয়েছে ইরান। এর মধ্যে রয়েছে মার্কিন নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি অর্থ ছাড়, সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ এবং সংঘাতের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা। এসব শর্ত গত জুনের ইসলামাবাদ সমঝোতার অংশ বলেও উল্লেখ করেন তিনি।
মন্তব্য
শেয়ার করুন-

























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।