মার্ভেলের নতুন সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’তে আবারও কেট বিশপ চরিত্রে দেখা যাবে হলিউড অভিনেত্রী হেইলি স্টেইনফেল্ডকে। সম্প্রতি মার্ভেল স্টুডিওস ও ডিজনি অ্যানিমেশন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে তাঁর অংশগ্রহণ নিশ্চিত করেছে। তবে সিনেমায় চরিত্রটির ভূমিকা ও উপস্থিতির ব্যাপ্তি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
হেইলির নতুন অ্যানিমেটেড সিনেমা ‘হেক্সড’-এর প্রচারণার সময় ভিডিওটি ধারণ করা হয়। সেখানে নিজের নাম লেখা একটি পরিচালকের চেয়ার দেখে মজা করে অভিনেত্রী বলেন, তিনি ‘হেক্সড’ নিয়ে এসেছেন, কিন্তু মনে হচ্ছে অন্য একটি সিনেমার চেয়ার সেখানে চলে এসেছে। ভিডিওটির ক্যাপশনেই ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’তে তাঁর উপস্থিতির বিষয়টি স্পষ্ট করা হয়।
২০২১ সালে ডিজনি প্লাসের সিরিজ ‘হকআই’-এর মাধ্যমে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে অভিষেক হয় হেইলির। এতে জেরেমি রেনারের ক্লিন্ট বার্টনের বিপরীতে কেট বিশপ চরিত্রে অভিনয় করেন তিনি। পরে ২০২৩ সালের ‘দ্য মার্ভেলস’ সিনেমার শেষ দৃশ্যেও দেখা যায় তাঁকে। সেখানে কামালা খান চরিত্রের সঙ্গে কেটের যোগাযোগের সূত্র ধরে ‘ইয়ং অ্যাভেঞ্জার্স’ গঠনের সম্ভাবনা তৈরি হয়।
এদিকে ‘ডুমসডে’তে স্কারলেট উইচ চরিত্রে এলিজাবেথ ওলসেন এবং খলনায়ক ডক্টর ডুমের ভূমিকায় রবার্ট ডাউনি জুনিয়রের ফেরার খবরও রয়েছে। অ্যান্থনি ও জো রুশো পরিচালিত সিনেমাটিতে অ্যাভেঞ্জার্স, ফ্যান্টাস্টিক ফোর ও এক্স-মেনের একাধিক চরিত্র একসঙ্গে দেখা যাবে।


































































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।