গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে এক শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর পশ্চিম দাঁড়াইল এলাকার একটি বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন মনিরা আক্তার (৩০), তাঁর ছয় বছর বয়সী ছেলে আরিফুল ইসলাম আরাফাত এবং তরিকুল ইসলাম (২৬)।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘর থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে তিনজন দগ্ধ হন।
পরে তাঁদের উদ্ধার করে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
শাহিন আলম বলেন, প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।