ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উর্দু বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব সাময়িকভাবে পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম। শেখ হাসিনার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ৪০০-এর বেশি শিক্ষকের কথোপকথন ও বৈঠকসংক্রান্ত তদন্তে নাম থাকায় জ্যেষ্ঠতার ভিত্তিতে দায়িত্ব পাওয়ার কথা থাকা সহযোগী অধ্যাপক ড. হুসাইনুল বান্নাকে এ পদে নিয়োগ দেওয়া হয়নি।
গত বুধবার (১১ নভেম্বর) বিভাগের চেয়ারম্যান হিসেবে সহযোগী অধ্যাপক মো. গোলাম মাওলার মেয়াদ শেষ হয়। নিয়ম অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান হওয়ার কথা ছিল ড. বান্নার। তবে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রো-ভিসিকে সাময়িকভাবে এ দায়িত্ব দেয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ড. বান্নার বিরুদ্ধে শেখ হাসিনার সঙ্গে বৈঠকসংক্রান্ত ঘটনায় সংশ্লিষ্টতা এবং জুলাই আন্দোলনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে।
কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার জানান, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী কোনো শিক্ষকের বিরুদ্ধে তদন্ত চললে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর পদোন্নতি, স্থায়ীকরণ, ইনক্রিমেন্ট ও পদায়ন স্থগিত থাকে। এ কারণেই ড. বান্নাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়নি।
তিনি বলেন, প্রো-ভিসির দায়িত্ব গ্রহণ স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়। তদন্ত শেষ হলে এবং সংশ্লিষ্ট বিষয় নিষ্পত্তি হলে নিয়ম অনুযায়ী দায়িত্ব পাওয়ার কথা যাঁর, তিনি দায়িত্ব নিতে পারবেন। তদন্ত চলমান থাকা মানেই কেউ দোষী সাব্যস্ত হয়েছেন, এমন নয় বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে প্রো-ভিসিকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ায় শিক্ষার্থীদের একাংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের আশঙ্কা, অতিরিক্ত প্রশাসনিক ব্যস্ততার কারণে বিভাগীয় কাজে বিলম্ব হতে পারে এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে ভোগান্তি বাড়তে পারে।
তবে বিভাগের এক অধ্যাপকের মতে, প্রো-ভিসির অভিজ্ঞতা ও দিকনির্দেশনা বিভাগের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য, পরিস্থিতি বিবেচনায় সাময়িক সমাধান হিসেবেই তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।