
বিয়ে, অধিক সন্তান গ্রহণ এবং খ্রিষ্টীয় ধর্মীয় মূল্যবোধে সন্তানদের বেড়ে ওঠার পরামর্শ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তাঁর মন্তব্যকে ঘিরে পরিবার, ধর্মীয় স্বাধীনতা, দেশপ্রেম ও জীবনযাত্রার ব্যয় নিয়ে শুরু হয়েছে আলোচনা।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেভিট মার্কিন নাগরিকদের বিয়ে করে বেশি সন্তান নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সন্তানদের গির্জাকেন্দ্রিক পরিবেশে বড় করা এবং ছোটবেলা থেকেই যুক্তরাষ্ট্রের প্রতি ভালোবাসা ও দেশপ্রেমের শিক্ষা দেওয়ার পরামর্শ দেন তিনি।
পোস্টটির সঙ্গে যুক্ত ছিল মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনামের স্ক্রিনশট। সেখানে একটি গবেষণার বরাতে বলা হয়, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে।
লেভিটের বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে তাঁর সঙ্গে একমত হয়ে পরিবার, ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরেছেন। বিপরীতে সমালোচকদের মতে, সন্তানদের ধর্মীয় বিশ্বাস ও জীবনধারা নির্ধারণে ব্যক্তিগত স্বাধীনতাকে প্রাধান্য দেওয়া প্রয়োজন।
আলোচনায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের উচ্চ জীবনযাত্রার ব্যয়, শিশুদের পরিচর্যার খরচ এবং তরুণ পরিবারগুলোর আর্থিক সংকটও। এক ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, মাতৃত্বকালীন ছুটি, সাশ্রয়ী শিশুযত্ন, ন্যায্য মজুরি ও স্বাস্থ্যসেবার পক্ষে না থেকেও কীভাবে বেশি সন্তান নেওয়ার পরামর্শ দেওয়া যায়। আরেকজন জানিয়েছেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় তাঁর পরিবারের পক্ষে আরেকটি সন্তান নেওয়া সম্ভব নয়।
এদিকে একজন মন্তব্যকারী খ্রিষ্টান ও মুসলিমদের মধ্যে সন্তান জন্মদানের কোনো প্রতিযোগিতা তৈরি না করার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য
শেয়ার করুন-




























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।