বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) সহযোগিতা কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে নয় কিংবা একচেটিয়া জোট গঠনের উদ্দেশ্যেও পরিচালিত হচ্ছে না বলে জানিয়েছে দেশটি।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশের অংশগ্রহণের ১০ বছর’ উপলক্ষে আয়োজিত ব্লু পেপার প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীন দৃঢ়ভাবে সমর্থন জানায়। পাশাপাশি বাংলাদেশের জনগণের নিজস্ব জাতীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নপথ বেছে নেওয়ার অধিকারকে সম্মান করে বেইজিং। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতেও চীন অঙ্গীকারবদ্ধ।
লিউ বলেন, বাংলাদেশের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে অন্য কোনো দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া বা একচেটিয়া কৌশলগত জোট গঠনের লক্ষ্য নেই চীনের। বরং অন্যান্য অংশীদারের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানায় বেইজিং।
চীনা কূটনীতিক জানান, গত এক দশকে দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে। ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের সময় বিআরআই সহযোগিতায় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে ২০২৪ সালে দ্বিপক্ষীয় সম্পর্ক ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে উন্নীত হয়।
ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে অবকাঠামোর পাশাপাশি ডিজিটাল যোগাযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশবান্ধব উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। বস্ত্র ও পোশাক, সৌরবিদ্যুৎ সরঞ্জাম, ব্যাটারি সংরক্ষণ, বৈদ্যুতিক গাড়ি ও ইলেকট্রনিকস শিল্পেও সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন লিউ।






























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।