
১. অনুভূতিকে অস্বীকার নয়: বিচ্ছেদের পর কান্না, মন খারাপ কিংবা পুরোনো স্মৃতি মনে পড়া স্বাভাবিক। দ্রুত স্বাভাবিক হওয়ার চাপ না নিয়ে নিজের আবেগ প্রকাশের সুযোগ দিন। প্রয়োজনে মনের কথাগুলো লিখে রাখুন।
২. নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন: সম্পর্ক ভাঙার দায় সব সময় একজনের নয়। নিজের ভুল থেকে শিক্ষা নিন, কিন্তু সম্পর্ক টেকেনি বলে নিজেকে ব্যর্থ ভাববেন না।
৩. প্রাক্তনের সঙ্গে দূরত্ব রাখুন: বারবার সাবেক সঙ্গীর সামাজিক যোগাযোগমাধ্যম দেখা, পুরোনো ছবি কিংবা বার্তা ঘাঁটাঘাঁটি মানসিক অস্থিরতা বাড়াতে পারে। তাই কিছুদিন এসব থেকে বিরতি নিন।
৪. একাকিত্ব এড়িয়ে চলুন: পরিবার ও বিশ্বস্ত বন্ধুদের সঙ্গে সময় কাটান। নিজের অনুভূতি এমন কারও সঙ্গে ভাগ করুন, যিনি মনোযোগ দিয়ে আপনার কথা শুনবেন।
৫. নিজের যত্ন নিন: নিয়মিত ঘুম, সুষম খাবার ও শরীরচর্চার অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন হাঁটা কিংবা পছন্দের কাজে সময় দেওয়াও মানসিক প্রশান্তি ফিরিয়ে আনতে পারে।
৬. নতুন করে নিজেকে আবিষ্কার করুন: পড়াশোনা, পেশাগত উন্নয়ন, নতুন দক্ষতা অর্জন কিংবা পুরোনো শখে ফিরে যাওয়ার মাধ্যমে নিজের পরিচয় ও আত্মবিশ্বাস গড়ে তুলুন।
৭. নতুন সম্পর্কে তাড়াহুড়া নয়: আগের সম্পর্কের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে মানসিকভাবে প্রস্তুত হওয়ার সময় নিন। পুরোনো কষ্ট ভুলতে নতুন সম্পর্কে জড়ানো ঠিক নয়।
৮. প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন: দীর্ঘদিন হতাশা, ঘুমের সমস্যা কিংবা দৈনন্দিন কাজে অনীহা থাকলে মনোবিজ্ঞানী বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নিন।
২০১২ সালে সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, বিবাহবিচ্ছেদের পর নিজের প্রতি সহানুভূতিশীল মনোভাব মানসিক কষ্ট কাটিয়ে উঠতে সহায়ক হতে পারে। অর্থাৎ নিজেকে সময় দেওয়া, অনুভূতির প্রতি যত্নশীল হওয়া এবং অতীতের ভুলের জন্য প্রতিনিয়ত নিজেকে দোষারোপ না করাই ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ অংশ।
মনে রাখতে হবে, বিচ্ছেদ জীবনের একটি অধ্যায়ের সমাপ্তি, পুরো জীবনের নয়। নিজেকে সময় দিন, নিজের যত্ন নিন—ধীরে ধীরে নতুন সম্ভাবনার পথ তৈরি হবে।
সূত্র: সাইকোলজিক্যাল সায়েন্স























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।