দুবাইফেরত যাত্রীর কাছ থেকে পৌনে ৪ কোটি টাকার সোনা জব্দ

দুবাইফেরত যাত্রীর কাছ থেকে পৌনে ৪ কোটি টাকার সোনা জব্দ
প্রিন্ট

দুবাই থেকে দেশে ফেরার পথে শরীরে লুকিয়ে আনা বিপুল পরিমাণ সোনাসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই যাত্রীর কাছ থেকে ১৮টি সোনার বার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের কাস্টমস হলের গ্রিন চ্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।

সিআইআইডি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই সেখানে সতর্ক অবস্থানে ছিলেন গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের এফজেড৫০১ ফ্লাইটে আসা মোহাম্মদ রুহুল আমিন নামের এক যাত্রীর চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার সব লাগেজ স্ক্যান করা হয়।

একপর্যায়ে শরীরের ভেতরে অবৈধ পণ্য লুকিয়ে রাখার সন্দেহে তাকে স্ক্যান করা হলে নিজের কাছে সোনার বার থাকার কথা স্বীকার করেন ওই যাত্রী।

পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যদের উপস্থিতিতে তার কাছ থেকে স্কচটেপে মোড়ানো কয়েকটি ধাতব বস্তু উদ্ধার করা হয়। কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে মোড়ক খুলে ১৮টি সোনার বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৭ গ্রাম।

সিআইআইডি জানিয়েছে, উদ্ধার করা সোনার বারগুলোর মোট আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-