ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যেই প্রশাসনের কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সচিবালয়ের কোনো কর্মকর্তা সরকারি কাজে গতি না বাড়িয়ে ডিসেম্বরের অপেক্ষায় রয়েছেন কি না, তা জানতে চেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরি সচিব সভায় এ প্রশ্ন তোলেন মন্ত্রিপরিষদ সচিব। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে প্রশাসনিক কার্যক্রমে গতি বাড়ানো এবং গুরুত্বপূর্ণ প্রস্তাব ও সারসংক্ষেপ দ্রুত পাঠানোর নির্দেশ দেন তিনি।
সভায় উপস্থিত সূত্রের বরাতে জানা গেছে, দুপুর আড়াইটায় শুরু হওয়া বৈঠক চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবরা অংশ নেন। চলমান শ্রমিক আন্দোলন ও সমসাময়িক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও অর্জন জনসমক্ষে তুলে ধরার নির্দেশনাও দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সচিব জানান, রাজনৈতিক পরিস্থিতি সরকার রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে। তবে প্রশাসনের সব পর্যায়ে সরকারি কার্যক্রমের অগ্রগতি ও অর্জন তুলে ধরতে তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
শেখ হাসিনা সম্প্রতি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এরপর তাঁর আইনজীবীদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়।
তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, শেখ হাসিনাকে সাধারণ নাগরিকের মতো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। তাঁকে দেশে ফেরাতে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পাসপোর্ট আবেদনের সত্যতা ও আইনগত ভিত্তি যাচাই করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। পাশাপাশি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

মন্তব্য
শেয়ার করুন-





















































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।