বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার সম্ভাবনা এবং তাঁকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো প্রত্যর্পণের অনুরোধকে পৃথক বিষয় হিসেবে দেখছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈধ ভ্রমণ নথি নিয়ে কেউ স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণ প্রক্রিয়ার আওতাভুক্ত নয়। অন্যদিকে, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধ প্রতিষ্ঠিত আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় পর্যালোচনা করা হচ্ছে।
আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার সম্ভাব্য বাংলাদেশে ফেরা নিয়ে আলোচনার মধ্যে বুধবার (২৫ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ অবস্থান জানান মুখপাত্র রণধীর জয়সোয়াল।
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য তারিখ, তাঁকে হাতকড়া পরিয়ে ফেরত আনার বিষয়ে ঢাকার বক্তব্য এবং বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থার মাধ্যমে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেন। এ ছাড়া ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের চলাচল এবং পেট্রাপোল-বেনাপোলসহ বিভিন্ন সীমান্ত ক্রসিং পরিদর্শনের বিষয়ে ভারত কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে কি না, তা জানতে চাওয়া হয়।
জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং সেখানকার সরকারের মধ্যকার বিষয়। এ নিয়ে আমার এর চেয়ে বেশি কিছু বলার নেই।’
তবে প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, বাংলাদেশের পাঠানো অনুরোধটি প্রতিষ্ঠিত আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। তবে কোনো নাগরিক বৈধ ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণের অনুরোধ থেকে সম্পূর্ণ আলাদা।
সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
সংবাদ সম্মেলনে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন এলাকায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাও উঠে আসে। বিশেষ করে নড়াইল ও পাবনার সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে সাংবাদিকরা ভারতের প্রতিক্রিয়া জানতে চান।
জবাবে ভারতের মুখপাত্র বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় ভারত উদ্বিগ্ন। এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
গঙ্গার পানি চুক্তি ও অস্ত্রবাহী জাহাজ
গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ এবং যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে রণধীর জয়সোয়াল বলেন, গঙ্গাসহ অভিন্ন নদীগুলোর পানি বণ্টনসংক্রান্ত বিষয় আলোচনার জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশনের মতো প্রতিষ্ঠিত কাঠামো রয়েছে। এসব বিষয়ে ওই কাঠামোর মাধ্যমেই আলোচনা চলছে।
এ ছাড়া বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করা একটি জাহাজ ইন্দোনেশিয়ায় আটক হওয়ার বিষয়ে ভারতের কাছে কোনো তথ্য রয়েছে কি না, জানতে চান সাংবাদিকরা।
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ-সংক্রান্ত কিছু প্রতিবেদন তাঁদের নজরে এসেছে। ভারতের নিরাপত্তা স্বার্থে প্রভাব ফেলতে পারে, এমন প্রতিটি পরিস্থিতির ওপর দেশটি নিবিড় নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিচ্ছে।






























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।