ইউক্রেন যুদ্ধে ২০২২ সাল থেকে এখন পর্যন্ত অন্তত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ জন রুশ সেনা নিহত হয়েছেন। তবে প্রকৃত মৃত্যুর সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে বিবিসি। রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে এ হিসাব প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।
বিবিসির রুশ বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুর নথি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। বেলারুশের হ্যাকার গোষ্ঠী সাইবার পার্টিজানস বাই এবং ইউক্রেনের সাইলেন্ট ক্রোর সাইবার হামলায় এসব তথ্য ফাঁস হয়।
রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনার সঙ্গে যৌথভাবে তথ্যগুলো বিশ্লেষণ করেছে বিবিসি। মিডিয়াজোনার নিজস্ব তালিকায় বিভিন্ন উন্মুক্ত সূত্রের ভিত্তিতে ২ লাখ ৯০ হাজার ১২ জন রুশ সেনার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই তালিকায় প্রকৃত মৃত্যুর ৪৫ থেকে ৫৫ শতাংশের হিসাব রয়েছে। সেই অনুপাতে ইউক্রেন যুদ্ধে রুশ সেনা নিহতের সংখ্যা ৫ লাখ ২৭ হাজার থেকে ৬ লাখ ৪৪ হাজারের বেশি হতে পারে।
প্রতিবেদনে রুশ সেনাদের বয়স ও অঞ্চলভিত্তিক মৃত্যুর বৈষম্যের চিত্রও উঠে এসেছে। ২০২৫ সালে যুদ্ধে নিহত ১৮ থেকে ২৪ বছর বয়সী রুশ পুরুষদের ৬৫ শতাংশই যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন। ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের ক্ষেত্রে এ হার ৫৯ শতাংশ।
এ ছাড়া রাশিয়ার তুভা, বুরিয়াতিয়া ও জাবাইকালস্ক অঞ্চলের বাসিন্দাদের যুদ্ধে নিহত হওয়ার ঝুঁকি মস্কো ও সেন্ট পিটার্সবার্গের বাসিন্দাদের তুলনায় ২০ থেকে ২৫ গুণ বেশি বলে জানিয়েছে বিবিসি।
ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ বাহিনীর লড়াইয়ের ভয়াবহতাও উঠে এসেছে বিশ্লেষণে। মাত্র ১২ হাজার মানুষের বসবাস ছিল—এমন ১০টি গ্রাম দখলের যুদ্ধে প্রায় ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। এর মধ্যে দোনেৎস্ক অঞ্চলের আন্দ্রিয়িভকা গ্রাম দখলের লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ১২২ জন। যুদ্ধ শুরুর আগে গ্রামটির জনসংখ্যা ছিল মাত্র ৭৪।
বিবিসির হিসাবে, রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নিয়ে অন্তত ৫ হাজার ১৭ জন বিদেশি নাগরিকও নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ১ হাজার ৩১ জন উজবেকিস্তানের এবং ৭২০ জন তাজিকিস্তানের নাগরিক।
এদিকে এসব পরিসংখ্যানের বিষয়ে রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সামরিক হতাহতের তথ্য প্রকাশের একমাত্র কর্তৃপক্ষ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কয়েক বছর ধরে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেনি।
বিবিসি জানিয়েছে, ফাঁস হওয়া তথ্য পুরোপুরি সম্পূর্ণ না-ও হতে পারে। তবে নিজস্ব অনুসন্ধানের ফলাফলের সঙ্গে এসব তথ্য মিলিয়ে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক ক্ষয়ক্ষতির একটি গুরুত্বপূর্ণ চিত্র পাওয়া যাচ্ছে।






























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।