জ্বর হলে গোসল করা যাবে কি না, তা নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা রয়েছে। কেউ মনে করেন, ঠান্ডা পানিতে গোসল করলে শরীরের তাপমাত্রা দ্রুত কমে। আবার অনেকে জ্বরের সময় গোসল পুরোপুরি এড়িয়ে চলেন। তবে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, এ সময় গোসল করা যায়, কিন্তু পানির তাপমাত্রার দিকে খেয়াল রাখা জরুরি।
জ্বরের কারণে শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি ঘামের মাধ্যমে পানি বেরিয়ে যায়। এতে পানিশূন্যতা ও দুর্বলতা দেখা দিতে পারে। তাই নিয়মিত অল্প অল্প করে পানি পান করা প্রয়োজন। পাশাপাশি খাবার স্যালাইন, ডাবের পানি, হালকা স্যুপ ও ফলের রস শরীরে তরলের ঘাটতি পূরণে সহায়তা করতে পারে।
এ সময় খাবারের ক্ষেত্রেও সতর্ক থাকা দরকার। অতিরিক্ত তেল-মসলাযুক্ত ও ভারী খাবারের পরিবর্তে ভাত, খিচুড়ি, ডাল, জাউ কিংবা পায়েসের মতো সহজপাচ্য খাবার খাওয়া ভালো।
জ্বর কমাতে বরফঠান্ডা পানি দিয়ে গোসল করা ঠিক নয়। অতিরিক্ত ঠান্ডা পানি শরীরে কাঁপুনি সৃষ্টি করতে পারে, যা অস্বস্তি বাড়ায়। এর পরিবর্তে কুসুম গরম পানিতে গোসল করা যেতে পারে। প্রয়োজনে ওই পানিতে কাপড় ভিজিয়ে শরীর মুছে নেওয়াও উপকারী।
শুধু ওষুধের ওপর নির্ভর না করে পর্যাপ্ত ঘুম, বিশ্রাম, পুষ্টিকর খাবার ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাও জরুরি। জ্বর দীর্ঘস্থায়ী হলে বা শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
সূত্র: এনডিটিভি ও আনন্দবাজার।

মন্তব্য
শেয়ার করুন-




























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।