মস্তিষ্কে ক্যানসার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার, কেমোথেরাপি ও দীর্ঘ চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছে ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে। অসুস্থতার কারণে প্রায় আট মাস অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। দীর্ঘ বিরতি শেষে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়ে যেন নতুন করে জীবন ফিরে পাওয়ার অনুভূতি হয়েছে তার। সেই অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে অভিনেত্রী বলেছেন, ‘মনে হলো, নতুন করে আমার জন্ম হয়েছে।’
গত অক্টোবরে শুটিংয়ে ফেরেন তানিয়া। সম্প্রতি ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে নিজের অসুস্থতা ও চিকিৎসার অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি।
অভিনেত্রী জানান, ‘দাদির আদর’ নাটকের শুটিংয়ের সময় প্রথম মাথাব্যথা অনুভব করেন। টানা চার দিন ব্যথা থাকলেও শুরুতে বিষয়টি গুরুত্ব দেননি। পঞ্চম দিন সকালে ব্যথা তীব্র হওয়ার পাশাপাশি বমি শুরু হলে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর ষষ্ঠ দিনে জানতে পারেন, তার মস্তিষ্কে ক্যানসার হয়েছে।
তানিয়া আরও জানান, টানা শুটিং ও অনিয়মের কারণে ক্লান্ত হয়ে পড়লেও শুটিংয়ের সময়ই অসুস্থ হয়ে পড়ার বিষয়টি সঠিক নয়।
দীর্ঘ চিকিৎসা শেষে কাজে ফিরলেও এখনই নিয়মিত অভিনয়ের পরিকল্পনা নেই তার। আরও দুই মাস কেমোথেরাপি নিতে হবে। এ সময় মাসে এক-দুটি কাজ করতে পারেন। চিকিৎসকের পরামর্শ মেনে চলাই এখন তার অগ্রাধিকার।
তানিয়ার প্রত্যাশা, দর্শক তাকে অসুস্থতার পরিচয়ে নয়, বরং অভিনয়ের মাধ্যমে মনে রাখবেন। সহকর্মীদের সহযোগিতায় মুগ্ধ এই অভিনেত্রী সবার কাছে দোয়া চেয়েছেন।

মন্তব্য
শেয়ার করুন-



























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।