বলিউড অভিনেতা অর্জুন কাপুরের ব্যক্তিগত জীবন নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই কৌতূহল অনুরাগীদের। এবার অভিনেত্রী ও ক্রীড়া সঞ্চালক সাহিবা বালির সঙ্গে তাঁর একটি ছবি ঘিরে নতুন করে ছড়িয়েছে প্রেমের গুঞ্জন।
সম্প্রতি গুরু নানকজয়ন্তী উপলক্ষে অর্জুনের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন সাহিবা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি ওর ভাগের প্রসাদটুকুও খেয়ে নিয়েছি।’ তাঁর এই মন্তব্য ঘিরেই দুজনের সম্পর্ক নিয়ে শুরু হয় নানা জল্পনা। অনেকের ধারণা, সরাসরি কিছু না বললেও একসঙ্গে ছবি ও ক্যাপশনের মাধ্যমে বিশেষ সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন তাঁরা। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অর্জুন কিংবা সাহিবা।
এর আগেও দুজনকে ঘিরে একই ধরনের আলোচনা হয়েছিল। চলতি বছরের জুলাইয়ে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট মাঠে ভারত-ইংল্যান্ডের এক দিনের ম্যাচ দেখতে গিয়েছিলেন তাঁরা। গ্যালারিতে পাশাপাশি বসে খেলা উপভোগ করতে দেখা যায় অর্জুন ও সাহিবাকে। এমনকি তাঁদের পোশাকের রঙের মিলও নজর এড়ায়নি ভক্তদের। সেই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।
অর্জুনের জন্মদিনেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সঙ্গে একটি ছবি প্রকাশ করেছিলেন সাহিবা। সেখানে অভিনেতাকে ‘সবার প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেন তিনি। জবাবে অর্জুনের মন্তব্যও ভক্তদের নজর কাড়ে। তাঁদের এই কথোপকথন ঘিরে বাড়ে সম্পর্কের জল্পনা। যদিও এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সবকিছুকে সত্য ধরে না নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন সাহিবা।
অন্যদিকে, অর্জুনের জীবনে দীর্ঘদিনের সম্পর্ক ছিল অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে। ২০১৮ সালের দিকে তাঁদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে। প্রায় ছয় বছর একসঙ্গে থাকার পর ২০২৪ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। একই বছরের অক্টোবরে অর্জুন নিজেই প্রকাশ্যে জানান, তিনি বর্তমানে কোনো সম্পর্কে নেই।
উল্লেখ্য, অর্জুন কাপুরকে সর্বশেষ ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমায় দেখা গেছে। অন্যদিকে, অভিনয়ের পাশাপাশি নেটপ্রভাবী ও ক্রীড়া সঞ্চালক হিসেবেও পরিচিত সাহিবা বালি। ‘লায়লা মজনু’, ‘বার্ড অব ব্লাড’ ও ‘অমর সিং চমকিলা’র মতো কাজেও অভিনয় করেছেন তিনি।
সূত্র: এনডিটিভি।



























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।