মামা-ভাগ্নির বিয়ের রীতি নিয়ে বিতর্ক, মুখ খুললেন কীর্তি

মামা-ভাগ্নির বিয়ের রীতি নিয়ে বিতর্ক, মুখ খুললেন কীর্তি
প্রিন্ট


দক্ষিণ ভারতের কয়েকটি অঞ্চলে মামা-ভাগ্নির বিয়ের প্রচলন নিয়ে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী কীর্তি সুরেশ। সহ-অভিনেত্রী রাধিকা আপ্তের একটি বক্তব্যের সময় তাঁর হাসিমুখে সম্মতি জানানোর দৃশ্য নিয়েও তৈরি হয় বিতর্ক। এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন এই দক্ষিণী অভিনেত্রী।
দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের কিছু এলাকায় ‘মামান কল্যাণম’ নামে মামার সঙ্গে ভাগ্নির বিয়ের একটি প্রচলিত রীতি রয়েছে। এ প্রথায় বোনের মেয়েকে বিয়ে করেন মামা। এমন পাত্রকে স্থানীয়ভাবে ‘মুরাই মামান’ বলা হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকা আপ্তে জানান, একটি তেলুগু সিনেমায় তাঁকে এমন চরিত্রে অভিনয় করতে হয়েছিল, যেখানে নিজের মামাকে বিয়ে করার দৃশ্য ছিল। বিষয়টি তাঁর কাছে অস্বস্তিকর মনে হয়েছিল। ওই সিনেমায় তাঁর বিপরীতে মামার চরিত্রে অভিনয় করেন নন্দমুরি বালকৃষ্ণ। সাক্ষাৎকারে উপস্থিত কীর্তি তখন জানান, দক্ষিণ ভারতের কয়েকটি অঞ্চলে এমন রীতি থাকলেও কেরালায় এর প্রচলন নেই।
সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘সত্যবান সাবিত্রী’র সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে কীর্তি বলেন, প্রথমে রাধিকা ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা তিনি বুঝতে পারেননি। পরে বিষয়টি উপলব্ধি করে বুঝেছেন, রাধিকা তাঁদের সংস্কৃতির একটি প্রচলিত রীতির কথা জানতেন না।
কীর্তির ভাষ্য, অন্য অঞ্চলের সংস্কৃতি সম্পর্কে কারও ধারণা না থাকলে তাঁকে বিষয়টি বুঝিয়ে বলা যেতে পারে। তবে কাউকে জোর করে কোনো কিছু বিশ্বাস করানো বা কথা বলা থেকে বিরত রাখা সম্ভব নয়। কর্ণাটকেও এ ধরনের প্রথা রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত নন বলেও জানান তিনি।

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-