নারীদের যাতায়াতে স্বস্তি দিতে ইসলামাবাদে চালু হচ্ছে পিংক বাস

নারীদের যাতায়াতে স্বস্তি দিতে ইসলামাবাদে চালু হচ্ছে পিংক বাস
প্রিন্ট

গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। নারীদের জন্য আলাদা ৩০টি গোলাপি রঙের বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আগামী তিন মাসের মধ্যে এ সেবা চালু হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেল সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বাস সংগ্রহের প্রস্তুতি শুরু করেছে সিডিএ। চীন থেকে বাসগুলো আমদানির দায়িত্ব পেতে পারে দেশটির প্রতিষ্ঠান হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা (এইচআইটি)।

বর্তমানে ইসলামাবাদের ২০টির বেশি রুটে ১৬০টিরও বেশি বৈদ্যুতিক বাস চলাচল করছে। তবে ব্যস্ত সময়ে এসব বাসে জায়গা পেতে নারী ও কিশোরীদের ভোগান্তির বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। এ সমস্যা সমাধানে শুধু নারীদের জন্য পৃথক বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিডিএর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, পিংক বাস সার্ভিস চালুর প্রস্তাব বোর্ডের অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনুমোদন মিললে বাস আমদানির বিষয়ে এইচআইটির সঙ্গে যোগাযোগ করা হবে। প্রাথমিকভাবে বিদ্যমান রুটগুলোতেই এসব বাস চলবে। যাত্রী চাহিদা বিবেচনায় নতুন রুটও যুক্ত হতে পারে।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ আগস্ট ঢাকায় নারীদের জন্য বিশেষ পিংক বাস সার্ভিস চালু করে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-