অনন্তের কঠিন সময়ে যা বললেন বর্ষা

অনন্তের কঠিন সময়ে যা বললেন বর্ষা
প্রিন্ট

ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের খবর ঘিরে আলোচনায় রয়েছেন ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। কয়েক দিন ধরে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। এমন পরিস্থিতিতে স্বামীর প্রতি সমর্থন জানিয়ে পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন চিত্রনায়িকা বর্ষা।
শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বর্ষা তাদের প্রতি মানুষের ভালোবাসা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, অনন্তের জন্য যারা দোয়া করছেন, তাদের আন্তরিকতা পরিবারকে সাহস ও অনুপ্রেরণা জোগাচ্ছে।

জীবনে ব্যবসা কিংবা ব্যক্তিগত পরিস্থিতি সব সময় অনুকূলে থাকে না উল্লেখ করে বর্ষা বলেন, সুসময় ও কঠিন সময়—দুটিই জীবনের স্বাভাবিক অংশ। আল্লাহর সিদ্ধান্তের ওপর আস্থা রেখে প্রতিকূলতা পেরিয়ে সামনে এগিয়ে যেতে চান তারা।
পোস্টে নিজের স্বামী, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের জন্য বিশেষভাবে দোয়া কামনা করেন এই অভিনেত্রী। আল্লাহ যেন তাদের সব বিপদ থেকে রক্ষা করেন, সুস্থ রাখেন এবং জীবনের পথচলা সহজ করে দেন—সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
একই সঙ্গে সবার রিজিকে বরকত এবং দেশের মানুষের শান্তিপূর্ণ জীবন কামনা করেন বর্ষা। সবশেষে তাদের জন্য দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত অনন্ত জলিল। সম্প্রতি তার ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যাংকঋণসংক্রান্ত বিভিন্ন খবর প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে। এবার সেই পরিস্থিতিতে স্বামীর পাশে দাঁড়িয়ে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও দোয়া চাইলেন বর্ষা।

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-