
কেবিন ক্রু থেকে সংবাদপাঠিকা, এরপর চলচ্চিত্রের নায়িকা—এবার প্রযোজকের পরিচয়েও যাত্রা শুরু করলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন্স’-এর প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে।
গত ২০ নভেম্বর নিজের জন্মদিনে নতুন এই অর্জনের কথা জানান বুবলী। সামাজিক মাধ্যমে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক লোগো প্রকাশের পাশাপাশি ‘ঠিকানা’র পোস্টার উন্মোচন করেন তিনি। প্রথম প্রযোজিত কাজের উৎসবে জায়গা পাওয়াকে নতুন পথচলার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে আরও মানসম্মত কাজ উপহার দেওয়ার প্রত্যাশা জানিয়েছেন অভিনেত্রী।
প্রযোজনায় অভিষেকের পাশাপাশি অভিনয়েও ফিরতে প্রস্তুতি নিচ্ছেন তিনি। গত ১১ মে কন্যাসন্তানের জন্মের পর মাতৃত্বকালীন বিরতিতে ছিলেন বুবলী। মেয়ের নাম শারলিন খান। বিরতি শেষে জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। পরিচালকের পরিকল্পনা অনুযায়ী, আগামী জানুয়ারিতে সিনেমাটিতে বুবলীর অংশের শুটিং হতে পারে।
এদিকে শরিফুল রাজের সঙ্গে ‘লিম্বো’ সিনেমায় জুটি বাঁধার গুঞ্জনও রয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
দুই সন্তানের মা হিসেবে পারিবারিক দায়িত্ব সামলানোর পাশাপাশি অভিনয় ও প্রযোজনায় নিজের অবস্থান তৈরি করতে চান বুবলী। ক্যামেরার সামনে পরিচিত মুখ এবার ক্যামেরার পেছনেও নিজের কাজের পরিধি বাড়ানোর পথে হাঁটছেন।
মন্তব্য
শেয়ার করুন-






























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।