প্রেমের সম্পর্ক থেকে মুক্তি পেতে প্রেমিককে হত্যার পরিকল্পনা করেছিলেন ভারতের কেরালার ১৯ বছর বয়সী এক তরুণী। এ জন্য বন্ধুদের ভাড়া করে প্রেমিককে অপহরণ, মারধর ও হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শেষ পর্যন্ত যুবককে মৃত ভেবে নদীর পাড়ে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। তবে প্রাণে বেঁচে গিয়ে পুলিশের সহায়তায় পাঁচজনকে গ্রেপ্তারের করিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কেরালার মালাপ্পুরম জেলার তিরুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তরুণীর নাম সাফানা। পুলিশ জানিয়েছে, পরিকল্পনা বাস্তবায়নে তিনি নাদিয়া (২০), রাবিবা (২৫), ইরশাদ (২৮) ও আজহারউদ্দিন (২৫) নামের চার বন্ধুর সহায়তা নেন।
পরিকল্পনা অনুযায়ী, গভীর রাতে প্রেমিককে তিরুরে ডেকে পাঠানো হয়। সেখানে সাফানার কাছে পৌঁছে দেওয়ার কথা বলে তাকে নির্দিষ্ট স্থানে যেতে রাজি করানো হয়। নিজের মোটরসাইকেলে সেখানে পৌঁছালে আগে থেকে অপেক্ষায় থাকা অভিযুক্তরা তাকে জোর করে গাড়িতে তুলে মারধর করেন। এ সময় তার মুঠোফোনও ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে মৃত মনে করে থাজেপালাম নদীর তীরবর্তী সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
আহত যুবক কোনোভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। বুধবার ভোরে তিরুর থানার পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে তাদের বিচারিক হেফাজতে পাঠানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই পুরুষের বিরুদ্ধে মাদক পাচার, হত্যাচেষ্টা ও সহিংসতার একাধিক মামলা রয়েছে। ঘটনার নেপথ্যের কারণ এবং প্রত্যেকের ভূমিকা জানতে তদন্ত চলছে।

মন্তব্য
শেয়ার করুন-



























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।