সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার মতে, শেখ হাসিনার নিজ উদ্যোগে দেশে ফেরার সুযোগ নেই; এ ক্ষেত্রে দুই দেশের আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ১৭ বছরের শাসনামল ১৯৭২ থেকে ১৯৭৫ সালের শাসনব্যবস্থার মতোই ছিল। ছাত্র-জনতা সেই দুঃশাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। এ ক্ষেত্রে ৭ নভেম্বরের চেতনা অনুপ্রেরণা জুগিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে রিজভী বলেন, ‘প্রত্যাবর্তন’ ও ‘প্রত্যর্পণ’ এক বিষয় নয়। প্রত্যাবর্তন হলো বিদেশে অবস্থানরত কোনো ব্যক্তির নিজ দেশে ফিরে আসা। অন্যদিকে, অপরাধের অভিযোগ, মামলা বা দণ্ডের মুখোমুখি কাউকে দুই দেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানোই প্রত্যর্পণ। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি নিষ্পত্তি করতে হবে। তাকে দেওয়া দণ্ডও ভোগ করতে হবে।
চব্বিশের গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে রিজভী আরও বলেন, এত রক্তপাতের পর শেখ হাসিনার দেশত্যাগের ঘটনাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন তিনি স্বাভাবিকভাবে আত্মীয়ের বাড়িতে গেছেন এবং তাকে ফুল দিয়ে বরণ করে আনার কথা।
দেশে যেন আর কোনো অত্যাচারী শাসকের জন্ম না হয়, সে জন্য গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আহ্বান জানান বিএনপির এই নেতা।

মন্তব্য
শেয়ার করুন-


















































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।