রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউশন সূত্র জানায়, গত ১ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত থাকলেও অসুস্থতার কারণে কারাগারে থাকা ১১ আসামির একজন, সাবেক আইজিপি একেএম শহীদুল হক ট্রাইব্যুনালে উপস্থিত হতে পারেননি। এ কারণে শুনানি পিছিয়ে ১২ নভেম্বর ধার্য করা হয়।
মামলায় গ্রেপ্তার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী দীপু মনি ও আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসান। পলাতক আসামিদের তালিকায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতা ও পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। অভিযোগে দুটি ঘটনায় হত্যাকাণ্ডের বিবরণ দেওয়া হয়েছে। প্রথমটিতে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার কথা উল্লেখ রয়েছে। দ্বিতীয়টিতে পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

মন্তব্য
শেয়ার করুন-


















































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।