যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরুর আগে নিজেদের অবস্থান আরও একবার স্পষ্ট করেছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, ওয়াশিংটনের প্রতি তেহরানের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। আগের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না দেশটি।
মঙ্গলবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজে প্রকাশিত বক্তব্যে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি ও অপমানজনক মন্তব্য তাদের হতাশার বহিঃপ্রকাশ। ইরানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলেও জানান তিনি।
তেহরানের সাত শর্তের মধ্যে রয়েছে—ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিল, জব্দ করা অর্থ ফেরত, সব রণাঙ্গনে সংঘাত বন্ধ এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অবসান ঘোষণা।
গালিবাফ আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের জবাব দিতে ইরান প্রস্তুত। প্রতিপক্ষ ভুল হিসাব করলে সংঘাতের পরিধিও আরও বিস্তৃত হতে পারে।
সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের আর্থিক নেটওয়ার্ক ভেঙে দেওয়ার অঙ্গীকার করেন। এর পরপরই তেহরানের এ অবস্থান সামনে এলো। সোমবার ইরানের সঙ্গে সংশ্লিষ্ট দুই ডজনের বেশি মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান, ভুয়া কোম্পানি ও কর্মকর্তার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন।
ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।
































































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।