দেশের সড়কে স্লিপার বাসের চলাচল নিয়ে দীর্ঘদিনের অনিয়ম ও নিরাপত্তা-উদ্বেগের মধ্যে এ ধরনের যান পরিচালনায় সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। নীতিমালা তৈরিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।
একই সঙ্গে স্লিপার বাসের পরিচালনা, চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে।
স্লিপার বাস চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা না থাকায় এসব যানবাহনের কারিগরি মান, ফিটনেস, নিবন্ধন ও চলাচলের অনুমোদন নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সামনে এসেছে।
এর আগে অননুমোদিত স্লিপার বাসের চলাচল বন্ধ এবং এ ধরনের যান পরিচালনায় কার্যকর নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। প্রাথমিক শুনানি শেষে আদালত এ রুল জারি করেন।
পরবর্তী সময়ে আদালতের নির্দেশে স্লিপার বাসের কারিগরি সক্ষমতা ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনায় কমিটি গঠন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কমিটির প্রতিবেদনে উঠে আসে, দেশে ডাবল ডেকার স্লিপার বাসের অনুমোদন ও নিবন্ধন এবং পরিচালনার জন্য সুনির্দিষ্ট কারিগরি নির্দেশিকা বা নীতিমালা নেই।
এ পরিস্থিতিতে বাসের কাঠামো, কারিগরি সক্ষমতা, ফিটনেস, নিবন্ধন ও চলাচলের অনুমোদন নিশ্চিত করতে কার্যকর নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা রিটে তুলে ধরা হয়।

মন্তব্য
শেয়ার করুন-
























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।