ভারতের হায়দরাবাদে আয়োজিত ‘ভারত সামিটে’ যোগ দিতে গিয়ে ভিসা জটিলতায় পড়েছেন শতাধিক বিদেশি বক্তা। সম্মেলনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রিত ৩১৫ জনের মধ্যে ১১৫ জনকে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি অথবা তাদের ভিসা বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। শুক্রবার তিনি দাবি করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে, যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অংশগ্রহণের অনুমতি দিয়েছিল।
গণতন্ত্র, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার, জলবায়ু পরিবর্তন এবং পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে কংগ্রেস পরিচালিত তেলেঙ্গানা সরকার দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে থারুর বলেন, কোন আইনি বিধানের ভিত্তিতে বিদেশি বক্তাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে, তা পরিষ্কার নয়। সম্মেলন শেষ হওয়ার সময় ঘনিয়ে আসায় সিদ্ধান্তটি আর পরিবর্তনের সুযোগও থাকছে না। তার অভিযোগ, সম্ভাব্য সমালোচনামূলক মতামত প্রকাশের আশঙ্কায় একটি গণতান্ত্রিক দেশে ভিন্ন কণ্ঠস্বরকে বাধাগ্রস্ত করা হচ্ছে।
এর আগে নরওয়ের সাংবাদিক হেলে লিং সভেনসেনও একই ধরনের অভিযোগ তোলেন। তার দাবি, ভারতে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে রওনা হওয়ার মাত্র ১০ মিনিট আগে অসলোতে ভারতীয় দূতাবাস তাকে সফরে না যেতে জানায় এবং ভিসা বাতিল করে। রাজনৈতিক ছাড়পত্র ও ভিসা পাওয়ার পরও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন পর্যায়ের নির্দেশে এমনটি করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে সম্মেলনের আয়োজকেরা জানিয়েছেন, প্রায় ২০০ আন্তর্জাতিক প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। তবে থারুর ও নরওয়ের সাংবাদিকের অভিযোগ নিয়ে ভারতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য
শেয়ার করুন-























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।