দীর্ঘদিনের শরণার্থী সংকট মোকাবিলায় মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা করছে দেশটির সরকার। এ লক্ষ্যে একটি প্রস্তাবে মন্ত্রিসভা সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি।
শুক্রবার এক বিবৃতিতে তিনি জানান, সম্প্রতি তুরস্কে সরকারি সফর শেষে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনার আওতায় পুনর্বাসনের জন্য নির্বাচিত রোহিঙ্গাদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিও পরিচালনা করা হবে।
আহমাদ জাহিদ হামিদি আরও বলেন, পরিকল্পনাটি বাস্তবায়নে তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে মালয়েশিয়া।
ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ নাগাদ মালয়েশিয়ায় মিয়ানমারের প্রায় ১ লাখ ৯৩ হাজার নিবন্ধিত শরণার্থী ছিলেন। তাঁদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য।
এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মিয়ানমারের ১০ হাজারের বেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।
সূত্র: এএফপি ও আরব নিউজ।

মন্তব্য
শেয়ার করুন-

























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।