টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই সরগরম বিনোদনজগৎ। গুঞ্জন রয়েছে, আগামী ৫ ডিসেম্বর সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন তিনি। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি অভিনেত্রী। এর মধ্যেই বিয়ের আমন্ত্রণপত্র ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা।
সম্প্রতি প্রকাশ্যে আসা একটি আমন্ত্রণপত্রে বর-কনের ছবির পাশাপাশি তিনটি পোষ্য কুকুরের ছবি দেখা যায়। মিমির বাড়িতেও রয়েছে তিনটি পোষ্য সারমেয়। এ মিল থেকেই কার্ডটি তাঁর বিয়ের বলে ধারণা করছেন অনেকে।
পোষ্যদের জন্য আয়োজিত একটি ক্লিনিকের অনুষ্ঠানে সাংবাদিকেরা বিষয়টি জানতে চাইলে মিমি প্রথমে কার্ডটির পরিচয় নিয়েই পাল্টা প্রশ্ন করেন। পরে হাসতে হাসতে বলেন, বিষয়টি তিনি বুঝতে পারছেন না; বরং এমন অভিনব ভাবনা নিজের বিয়েতে কাজে লাগাতে পারেন।
বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহলের জবাবে অভিনেত্রী বলেন, তিনি কখনো কাউকে হতাশ করেননি। নিজেকে ইতিবাচক ও আনন্দপ্রিয় মানুষ উল্লেখ করে সবার মুখে হাসি ফোটাতে চান বলেও জানান। এ জন্য ভক্তদের সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন তিনি।
এদিকে গুঞ্জন রয়েছে, নভেম্বরে বাগ্দান শেষে ডিসেম্বরেই বিয়ের আয়োজন হতে পারে কালিম্পংয়ে। তবে এসব খবরের সত্যতা নিশ্চিত করেননি মিমি।
২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিক দিয়ে পরিচিতি পাওয়া মিমি পরে চলচ্চিত্র ও রাজনীতিতেও সাফল্য অর্জন করেন। ২০১৯ সালে যাদবপুর থেকে তৃণমূলের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

মন্তব্য
শেয়ার করুন-



























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।