দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আট জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুটি ব্যাটালিয়ন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করাই এ মোতায়েনের অন্যতম লক্ষ্য।
সোমবার (২৩ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গোপালগঞ্জ ছাড়াও ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ করছেন বিজিবি সদস্যরা। সহিংসতা, বিশৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে বাড়ানো হয়েছে নিরাপত্তা ও নজরদারি।
এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরে প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থা চালু রয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংগৃহীত সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
বিজিবি জানিয়েছে, সীমান্তের নিয়মিত দায়িত্বের পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায়ও পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে কাজ করছে বাহিনী। জনসাধারণের জানমালের সুরক্ষা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।





























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।