ইসরায়েলের ২৭ অক্টোবরের নির্বাচনে বিরোধী শিবিরের কাছে ক্ষমতা হারানোর আশঙ্কায় চাপে পড়েছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রাজনৈতিক অবস্থান ধরে রাখতে তিনি বিরোধী নেতাদের আক্রমণ, নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন তোলা এবং আরব রাজনৈতিক দলগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো নানা পদক্ষেপ নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি যুদ্ধের পরিস্থিতি উসকে দেওয়ার চেষ্টার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
বৃহস্পতিবার আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে বিরোধী নেতা গাদি আইজেনকটের সরকার গঠনের ওপর। তবে সরকার গঠনে ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন প্রয়োজন হতে পারে আইজেনকটের। এই বিষয়টিকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছেন নেতানিয়াহু। নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেও এখন পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেননি তিনি।
এদিকে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ডেভিড জিনির নেতৃত্বাধীন অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের বিরুদ্ধে পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়ি পাতার অনুমতি চাওয়ার অভিযোগ উঠেছে। বিদেশি হস্তক্ষেপের সন্দেহ দেখিয়ে তাঁদের ওপর নজরদারির উদ্যোগ নেওয়া হয়েছিল। নির্বাচনের দিন ফিলিস্তিনি বংশোদ্ভূত কয়েকজন রাজনীতিককে গ্রেপ্তারের অনুমতিও চেয়েছিল সংস্থাটি। তবে অ্যাটর্নি জেনারেল এসব আবেদনে সম্মতি দেননি। বিরোধী নেতারা ঘটনাটিকে ‘অভ্যুত্থানের চেষ্টা’ বলে অভিহিত করেছেন।
বিশ্লেষকদের ধারণা, সরাসরি ক্ষমতায় থাকা সম্ভব না হলে নেতানিয়াহু এমন সরকার প্রতিষ্ঠা করতে চাইছেন, যা তাঁর ও তাঁর মিত্রদের সমর্থনের ওপর নির্ভরশীল থাকবে। ক্ষমতা হারালে তাঁর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাগুলোও নতুন গতি পেতে পারে।
২০১৯ সাল থেকে তিনটি পৃথক মামলায় ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগের মুখোমুখি নেতানিয়াহু। ২০২০ সালের মে মাসে তাঁর বিচার শুরু হয়। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে তাঁর। লন্ডনের কিংস কলেজের বিশ্লেষক আহরন ব্রেগম্যানের মতে, নেতানিয়াহুর কাছে নির্বাচনে পরাজয় কেবল রাজনৈতিক বিপর্যয় নয়, ব্যক্তিগত স্বাধীনতা হারানোরও আশঙ্কা।
এদিকে নির্বাচনের পর দেশটিতে রাজনৈতিক সহিংসতার উদ্বেগ বাড়ছে। ডানপন্থী বিক্ষোভকারীরা বিরোধী নেতা আইজেনকটের বাড়ির সামনে অবস্থান নিয়ে তাঁকে ‘বিশ্বাসঘাতক’ বলে স্লোগান দেন। আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের চেষ্টা না করতেও তাঁকে সতর্ক করেন তাঁরা।
উদ্বেগ আরও বাড়িয়েছে হাইফার ইহুদি ধর্মীয় আদালতের সাবেক প্রধান রাব্বি গেদালিয়া অ্যাক্সেলরডের একটি চিঠি। সেখানে ‘দিন রোদেফ’ নামে ধর্মীয় বিধানের উল্লেখ রয়েছে। ১৯৯৫ সালে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ইৎজাক রবিনকে হত্যার পক্ষে যুক্তি দেখাতেও একই বিধান ব্যবহার করেছিলেন ঘাতক ইয়িগাল আমির।
বামপন্থী হাদাশ পার্টির সংসদ সদস্য ওফের কাসিফের আশঙ্কা, আইজেনকটের সরকার গঠনে বিলম্ব হলে সহিংসতার ঝুঁকি আরও বাড়বে। তাঁর মতে, নেতানিয়াহুকে ঘিরে গড়ে ওঠা ব্যক্তিপূজার সংস্কৃতি থেকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে সহিংসতার পরিস্থিতি তৈরি হতে পারে।
অন্যদিকে, যুক্তরাজ্যভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান চ্যাথাম হাউসের জ্যেষ্ঠ পরামর্শক ফেলো ইয়োসি মেকেলবার্গ মনে করেন, নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষাই এখন নেতানিয়াহুর প্রধান লক্ষ্য। ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি যেকোনো পদক্ষেপ নিতে পারেন।

মন্তব্য
শেয়ার করুন-





























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।