মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার শুনানিতে অংশ নিতে ঢাকার আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি আদালতে পৌঁছান। এদিন মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে পরীমনির পক্ষে শুনানি করেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত। এর আগে গত ২৯ সেপ্টেম্বর শুনানির দিন নির্ধারিত থাকলেও পায়ে ব্যথার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি এই অভিনেত্রী। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন তারিখ হিসেবে ১৭ নভেম্বর ধার্য করেন আদালত।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। পরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন সংস্থাটির একজন কর্মকর্তা। তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
অভিযোগপত্রে বলা হয়, পরীমনির বাসা থেকে উদ্ধার করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ মদপানের লাইসেন্স এবং অপর দুই আসামির মাধ্যমে অবৈধ মাদক সংগ্রহ ও সংরক্ষণের অভিযোগও আনা হয়।
২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। পরে ১ মার্চ উচ্চ আদালত তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। এরপর উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে মামলাটির অভিযোগ গঠনসংক্রান্ত শুনানি পুনরায় শুরু হয়।



























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।