
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সমন্বয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটের ভবিষ্যৎ কার্যক্রম ও সামরিক সমন্বয় নিয়ে ইসলামাবাদে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে যৌথ প্রতিরক্ষা কার্যক্রম পরিচালনার নীতিমালা ও বাস্তবায়ন কাঠামো নিয়ে আলোচনা করেন তিন দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা। তবে বৈঠক শেষে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, জোটের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা স্ট্র্যাটেজিক পলিটিক্যাল অ্যান্ড ডিফেন্স কমিটির (এসপিডিসি) তৃতীয় বৈঠকে যৌথ কার্যক্রমের মানসম্মত পরিচালন পদ্ধতি (এসওপি) এবং সামরিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। ইয়েমেনে সৌদি আরব ও হুতি বিদ্রোহীদের সংঘাতও আলোচনায় গুরুত্ব পাওয়ার কথা ছিল।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, সৌদি আরবের নিরাপত্তার জন্য যেকোনো হুমকি চুক্তি অনুযায়ী পাকিস্তান ও তুরস্কের জন্যও হুমকি হিসেবে বিবেচিত হবে। ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কা তুলে ধরে তিনি আঞ্চলিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
গত ৭ আগস্ট স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, কোনো সদস্য দেশের ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। তবে ইয়েমেন সংঘাতে সরাসরি জড়ানোর বিষয়ে তুরস্ক সতর্ক অবস্থান নিয়েছে। অন্যদিকে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতেও আগ্রহী পাকিস্তান। ফলে আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্য রক্ষা এখন জোটটির বড় চ্যালেঞ্জ।
মন্তব্য
শেয়ার করুন-
































































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।