লন্ডন যাওয়ার প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত বিমানে উঠতে পারেননি ভারতের ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক সৌরভ দাস। দিল্লি বিমানবন্দরে তার যাত্রা আটকে দেওয়ার পেছনে মুম্বাই পুলিশের জারি করা লুক আউট সার্কুলারের কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বিষয়টি নিয়ে এখন দিল্লি হাইকোর্টে চলছে আইনি লড়াই।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিচারপতি অমিত মহাজনের আদালতে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা জানান, গত ২৩ নভেম্বর সৌরভের বিরুদ্ধে এই সার্কুলার জারি করা হয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে ওই রাতেই তার লন্ডন যাওয়ার কথা ছিল।
সরকারের দাবি, সৌরভের পাসপোর্টে জন্মস্থান, শিক্ষাজীবন, বসবাসের ঠিকানা ও বাবার পরিচয়সংক্রান্ত তথ্যে অসংগতি রয়েছে। এসব কারণে তার নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে। তবে পাসপোর্ট বাতিল করা হয়নি বলে আদালতকে জানানো হয়েছে। নথির অসংগতি ব্যাখ্যা করতে তাকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
অন্যদিকে, সৌরভের আইনজীবী অখিল সিবাল অভিযোগ করেন, আগাম কোনো নোটিশ ছাড়াই তার মক্কেলকে বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে। বিমানবন্দরে গিয়ে তিনি নিষেধাজ্ঞার বিষয়টি জানতে পারেন। সরকারের কাছে লুক আউট সার্কুলারের অনুলিপি চাওয়া হলেও তা দিতে অস্বীকৃতি জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে পাসপোর্টের ব্যক্তিগত তথ্য প্রকাশের অভিযোগও তুলেছেন সৌরভ। মামলার পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর। সেদিন পাসপোর্ট অফিস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

মন্তব্য
শেয়ার করুন-


























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।